সারাদেশ

নোয়াখালীতে চর দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ৫


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম

নোয়াখালীতে চর দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ৫
নোয়াখালীতে চর দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ৫। ছবি: সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ থেকে ১০ জন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন আলাউদ্দিন (৪০)। তিনি সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের বাসিন্দা এবং মহিউদ্দিনের ছেলে। অন্য চারজনের মরদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, জাগলার চরের জমি এখনো সরকারিভাবে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। এই সুযোগে গত ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা সামছু গ্রুপ চরের বিভিন্ন অংশ বিক্রি শুরু করে। পরে সুখচর ইউনিয়নের আলাউদ্দিন গ্রুপও ওই জমির দখল নিতে সক্রিয় হয়ে ওঠে এবং আরও বেশি দামে জমি বিক্রির চেষ্টা চালায়। একপর্যায়ে উভয় গ্রুপ একই চরের জমি আলাদাভাবে বিক্রির উদ্যোগ নিলে বিরোধ চরমে পৌঁছে।

অভিযোগ রয়েছে, চর দখলের সঙ্গে জড়িত আলাউদ্দিনের সঙ্গে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। এসব বিষয় নিয়ে দুই গ্রুপের মধ্যে আগেও একাধিকবার উত্তেজনা ও বিরোধের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকালে জমির দখলকে কেন্দ্র করে কোপা সামছু ও আলাউদ্দিন গ্রুপ মুখোমুখি অবস্থানে নেয়। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে আলাউদ্দিনসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় আলাউদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, একটি মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং বাকি চারটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় পুলিশ বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়।

তিনি আরও জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।