সারাদেশ
হাসনাত আবদুল্লাহকে চিনি না, কখনো দেখাও হয়নি: বিএনপির প্রার্থী
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও একই আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহর সঙ্গে তাঁর কোনো পরিচয় নেই।
তিনি স্পষ্ট করে জানান, ব্যক্তিগতভাবে হাসনাত আবদুল্লাহকে তিনি চেনেন না এবং কখনো তাঁর সঙ্গে সাক্ষাৎও হয়নি।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির এই প্রার্থী বলেন, “যেহেতু তাঁর সঙ্গে আমার কোনো পরিচয় বা দেখা হয়নি, তাই তাঁকে নিয়ে মন্তব্য করারও কোনো সুযোগ নেই।” এ সময় তিনি বিষয়টি নিয়ে বাড়তি আলোচনা এড়িয়ে যান।
নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, নির্বাচন দ্বিমুখী না ত্রিমুখী- এ ধরনের হিসাব তিনি করেন না। তাঁর ভাষায়, নির্বাচন মানেই চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জ নিয়েই তিনি সব সময় রাজনীতির মাঠে নামেন। এবারের নির্বাচনেও একই মানসিকতা নিয়ে তিনি কাজ করছেন বলে জানান।
নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষ প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। তবে এবার ভোটারদের মধ্যে আগ্রহ ও উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও স্বাভাবিক পরিবেশে অনুষ্ঠিত হবে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
তিনি আরও বলেন, জনগণের অংশগ্রহণ ও একটি গ্রহণযোগ্য নির্বাচনই গণতন্ত্রকে শক্তিশালী করবে। এ লক্ষ্যেই তিনি দেবিদ্বারবাসীর কাছে ভোট ও সমর্থন প্রত্যাশা করেন।