সারাদেশ
চাঁদপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় কলেজছাত্রী নিহত
চাঁদপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন। বাসচাপায় প্রাণ হারানো ওই শিক্ষার্থীর নাম রাহেলা আক্তার শান্তা (১৮)। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার ঘোষেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্তা সদর উপজেলার বড় শাহতলী এলাকার বাসিন্দা শামছুল হুদার মেয়ে। তিনি জিলানী চিশতী কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করতেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় একটি আইদি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহম্মেদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।