সারাদেশ
চট্টগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নেভী সদস্যসহ ৩ জন নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে নিয়ন্ত্রণ হারানো একটি বাস দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ৩ জন নিহত ও অন্তত ৬ জন আহত হয়েছেন।
দুর্ঘটনা বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় ঘটে।
নিহতরা হলেন নাফিজ আহমেদ অয়ন (১৬), মিরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার নুর আলমের ছেলে এবং মার্চেন্ট নেভী সদস্য; ছাবিতুন নাহার (২৫), চট্টগ্রাম জেলা চাঁদগাও থানার মো. হেলালের ছেলে; ও মিন্টু মিয়া (৪৫), গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার মৃত নয়া বেপারির ছেলে। দুর্ঘটনার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং তিনজন গাড়ির ভেতরে ছিটকে পড়ে মারাত্মকভাবে জখম হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে গাছবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। সেই লেনে আসা সেন্টমার্টিন পরিবহনের ডাবল ডেকার বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনায় আরও ৪-৫ জন আহত হয়েছেন। জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে, তবে ট্রাকচালক পালিয়ে গেছে। নিহত নাফিজ আহমেদ অয়নের পরিবার জানায়, তিনি ১০ দিনের ছুটি শেষে ঢাকা হয়ে মাদারীপুর কর্মস্থলে ফিরছিলেন। মরদেহ আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।