সারাদেশ
চট্টগ্রামে নির্বাচনী প্রচারের প্রথম দিনেই এমপি প্রার্থীর গাড়িতে হামলা
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদের গাড়িতে নির্বাচনী প্রচারের প্রথম দিনেই হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে কোতোয়ালি থানাধীন সিরাজউদ্দৌলা রোড এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা চলন্ত প্রাডো গাড়ির সামনের কাচ ভেঙে দেন, তবে কেউ হতাহত হননি।
দলীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার শেষে প্রার্থী সিরাজউদ্দৌলা রোড দিয়ে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা কিছু দুর্বৃত্ত গাড়িটি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে দ্রুত চলে যান। হামলার সময় প্রার্থীর সঙ্গে ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহীম আখতারী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন ও চট্টগ্রাম নগর দক্ষিণের সাবেক সভাপতি মাওলানা গিয়াস উদ্দীন নিজামী।
ঘটনার পর আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ইসলামিক ফ্রন্টের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে মাওলানা ওয়াহেদ মুরাদ বলেন, নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই এমন হামলা সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি বলেন, “অজ্ঞাত স্থান থেকে আমাদের গাড়ি লক্ষ্য করে ঢিল নিক্ষেপ করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।”
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন কালবেলা বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হচ্ছে এবং গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বুধবার (২১ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়েছে। নির্বাচনী প্রচারণা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা পর্যন্ত। ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।