সারাদেশ
আওয়ামী লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
আওয়ামী লীগের যেসব কর্মী কোনো ধরনের জুলুম, নির্যাতন বা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন না, তারা চাইলে ১০ দলীয় জোটে যোগ দিতে পারবেন- এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
শুক্রবার (২৩ জানুয়ারি) নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। আসন্ন নির্বাচনে নোয়াখালী-৬ আসনে শাপলা কলি প্রতীকে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
হান্নান মাসউদ বলেন, ইনসাফভিত্তিক সমাজ গড়তে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করছে ১০ দলীয় জোট। তিনি অভিযোগ করেন, একসময় দ্বীপ উপজেলা হাতিয়াকে ফ্যাসিস্ট শক্তিরা সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল এবং সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল।
তিনি আরও বলেন, যারা এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন, তাদের সবাইকে ১০ দলীয় জোটে আসার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে নিরপরাধ আওয়ামী লীগ কর্মীদের জন্যও জোটের দরজা খোলা থাকবে বলে জানান তিনি।
প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে আবদুল হান্নান মাসউদ বলেন, তাদের আর্থিক সহায়তার কারণেই নির্বাচনী এলাকায় ধারাবাহিক প্রচার কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে। নির্বাচিত হলে হাতিয়ার প্রবাসীদের জন্য বিনামূল্যে যাতায়াত ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার বোরহান উদ্দিন, জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, এনসিপির হাতিয়া উপজেলা আহ্বায়ক শামছল তিব্রিজসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা।