সারাদেশ

মাছের ঘেরে লাফ দিয়েও গ্রেপ্তার এড়াতে পারলেন না আওয়ামী লীগ নেতা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৩:১৫ পিএম

মাছের ঘেরে লাফ দিয়েও গ্রেপ্তার এড়াতে পারলেন না আওয়ামী লীগ নেতা
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা দিদারুল হক। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দিদারুল হক সিকদারকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাংলা বাজার এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দিদারুল হককে চকরিয়া সেনা ক্যাম্প থেকে থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় দিদারুল হক একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় যৌথ বাহিনীর তিনটি গাড়ি দোকানের সামনে পৌঁছালে তিনি কৌশলে সেখান থেকে বের হয়ে পাশের একটি মাছের ঘেরে লাফ দেন। তবে কাদায় আটকে পড়ায় শেষ পর্যন্ত পালাতে পারেননি। যৌথ বাহিনীর সদস্যরা কাদায় নেমে তাকে গ্রেপ্তার করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দিদারুল হক সিকদার সাবেক সংসদ সদস্য জাফর আলমের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তিনি ২০১১ ও ২০১৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। তবে ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ হোসেন জানান, দিদারুল হক সিকদার হত্যা সহ তিনটি মামলার এজাহারভুক্ত আসামি। এর মধ্যে জুলাইয়ের গণ-অভ্যুত্থান চলাকালে চট্টগ্রামে মোহাম্মদ ওয়াসিম হত্যার মামলাও রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল পুলিশ।