সারাদেশ

চট্টগ্রামে বিএনপির সমাবেশে ভিডিও ধারণ করতে গিয়ে কিশোরের মৃত্যু, অসুস্থ আরও দুই


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৬:৩১ পিএম

চট্টগ্রামে বিএনপির সমাবেশে ভিডিও ধারণ করতে গিয়ে কিশোরের মৃত্যু, অসুস্থ আরও দুই
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বিএনপির সমাবেশ চলাকালে মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে সাইদুল ইসলাম চিশতী নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন অসুস্থ হয়ে পড়লে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার (দুপুরে) নগরের কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম চিশতী নগরের এনায়েত বাজার এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বাবুর ছেলে। তিনি অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাবা বাবু যুবদলের সাবেক কর্মী ও নগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় ক্রীড়া কমিটির সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল চলাকালে ভিডিও ধারণ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চিশতী। সঙ্গে সঙ্গে তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোনা মানিক জানান, রেডিসন এলাকা থেকে মিছিল শুরু হয়ে হল ২৪ কনভেনশনের সামনে পৌঁছালে চিশতী ভিডিও করছিলেন। এ সময় তিনি মাথা ঘুরে পড়ে যান। পরে কয়েকজন মিলে তাকে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে সমাবেশস্থলে অতিরিক্ত ভিড়ের কারণে আরও দুইজন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে একজন চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকার বাসিন্দা আব্দুস মাবুদ চেরাংগের বাড়ির করিমের ছেলে রাকিব (২৫)। অপরজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১টার দিকে পলোগ্রাউন্ড মাঠে অতিরিক্ত ভিড়ের চাপে দুইজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, আহতদের চিকিৎসা চলছে।