সারাদেশ

রাউজানে নলকূপের গর্তে পড়া সেই শিশু উদ্ধার, নেওয়া হচ্ছে হাসপাতালে


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম

রাউজানে নলকূপের গর্তে পড়া সেই শিশু উদ্ধার, নেওয়া হচ্ছে হাসপাতালে
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলায় নলকূপের গর্তে পড়ে যাওয়া পাঁচ বছর বয়সী শিশু মিসবাহকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটে দীর্ঘ উদ্ধার অভিযানের পর তাকে গর্ত থেকে বের করে আনা হয়। উদ্ধার শেষে শিশুটিকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

উদ্ধার হওয়া শিশুটি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে।

রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সামশুল আলম জানান, শিশুটি প্রায় ৩০ ফুট গভীর নলকূপের গর্তে পড়ে গিয়েছিল। বিশেষ যন্ত্রপাতির সহায়তায় চারপাশের মাটি কেটে সাবধানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। তিনি বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

শিশুটি গর্তে পড়ে যাওয়ার খবরে এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা টর্চলাইটের আলো ফেলিয়ে গর্তের ভেতরে শিশুটিকে খোঁজার চেষ্টা করছেন। কেউ কেউ গাছের ডাল ঢুকিয়ে শিশুটিকে ধরে রাখার পরামর্শ দেন। তবে পরে ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত দল এসে নিয়ন্ত্রিতভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে।

উল্লেখ্য, নলকূপের গর্তে শিশু পড়ে যাওয়ার ঘটনা এর আগেও দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। গত বছরের ১০ ডিসেম্বর রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপে পড়ে দুই বছরের শিশু সাজিদের মৃত্যু হয়। টানা ৩২ ঘণ্টার অভিযানের পর উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।