সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়েছে ১২টি দোকান


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়েছে ১২টি দোকান
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির একটি পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে দলীয় কার্যালয়টির পাশাপাশি পাশের অন্তত ১২টি দোকান পুড়ে গেছে।

রোববার (১ জানুয়ারি) গভীর রাতে নবীনগর উপজেলার নাটঘর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতাদের দাবি, একদল দুর্বৃত্ত গভীর রাতে নাটঘর বাজারে অবস্থিত বিএনপি কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুনে পুড়ে যায় বিএনপির কার্যালয় ও আশপাশের একাধিক দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার পর সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। পরিদর্শন শেষে তিনি স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের বিরুদ্ধে এ অগ্নিসংযোগের অভিযোগ করেন। তিনি বলেন, এটি একটি পরিকল্পিত হামলা এবং এর আগেও নাজমুল হোসেন তাপসের সমর্থকরা তার নেতাকর্মীদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল।

তবে এ অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।