সারাদেশ
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪
চট্টগ্রামের হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে এই দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে। সর্বশেষ নিহতের নাম আসুরা আক্তার পাখি (৩০)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৭ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট–এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, আসুরা আক্তার পাখির শরীর শতভাগ দগ্ধ ছিল। পাশাপাশি তার শ্বাসনালিতে মারাত্মক ইনহেলেশন ইনজুরি (দগ্ধজনিত ক্ষতি) ছিল, যা তার শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটাপন্ন করে তোলে। সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
নিহত আসুরা আক্তার পাখির বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার রহিমানগর গ্রামে। তিনি ওই এলাকার আবুল বাশারের মেয়ে।
এর আগে একই বিস্ফোরণের ঘটনায় নুরজাহান আক্তার, তার ছেলে শাওন এবং দেবর সুমনের মৃত্যু হয়। সর্বশেষ পাখি আক্তারের মৃত্যুর মাধ্যমে এই মর্মান্তিক ঘটনায় নিহতের সংখ্যা চারজনে পৌঁছাল।
এদিকে, চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় সংঘটিত এই গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে আরও পাঁচজন বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাদের অবস্থাও আশঙ্কাজনক।
হালিশহরের এই গ্যাস বিস্ফোরণ নগরজুড়ে গভীর শোকের ছায়া ফেলেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানিয়েছে প্রশাসন।