সারাদেশ

গলাকাটা অবস্থায় জঙ্গলে উদ্ধার শিশু ইরাকে ‎বাঁচানো গেল না


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:১৬ এএম

গলাকাটা অবস্থায় জঙ্গলে উদ্ধার শিশু ইরাকে ‎বাঁচানো গেল না
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকা থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া সাত বছর বয়সী শিশু ইরা শেষ পর্যন্ত বাঁচানো গেল না।

চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল–এ তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির চাচা রমিজ আলী।

এর আগে রোববার দুপুরে ইকোপার্কের জঙ্গল থেকে রক্তাক্ত ও গলাকাটা অবস্থায় স্থানীয় কয়েকজন যুবক তাকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ নেওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার তার শরীরে দুই দফা অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানিয়েছিলেন, তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে গভীর রাতে হঠাৎ শ্বাসনালিতে জটিলতা দেখা দিলে অবস্থার দ্রুত অবনতি ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হলেও শেষ পর্যন্ত ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ভাতিজির মৃত্যুতে কান্নাজড়িত কণ্ঠে রমিজ আলী বলেন, “আমার নিষ্পাপ ভাতিজিকে আর বাঁচাতে পারলাম না। কে আমাকে ‘চাচ্চু’ বলে ডাকবে? যারা তাকে নির্মমভাবে নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।