সারাদেশ

চট্টগ্রামে রেলওয়ে অফিস থেকে পাচারের সময় ট্রাকভর্তি কাগজপত্র আটক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১২:১৯ পিএম

চট্টগ্রামে রেলওয়ে অফিস থেকে পাচারের সময় ট্রাকভর্তি কাগজপত্র আটক
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় একটি কার্যালয় থেকে গোপনে পাচারের সময় ট্রাকভর্তি পুরাতন কাগজপত্র ও বিভিন্ন মালামাল আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

শুক্রবার (৬ মার্চ) রাত প্রায় ৮টার দিকে পলোগ্রাউন্ড এলাকায় অবস্থিত বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা (পরিবহন হিসাব শাখা) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, একটি ট্রাকে করে পুরাতন কাগজপত্র ও বিভিন্ন মালামাল গোপনে কার্যালয় থেকে বের করে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ মালামাল হাতেনাতে আটক করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাধারণত রেলওয়ের অকেজো বা পুরাতন কাগজপত্র ও মালামাল সরকারি নিয়ম অনুযায়ী টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়। কিন্তু এই ক্ষেত্রে কোনো ধরনের টেন্ডার প্রক্রিয়া অনুসরণ না করেই রাতের আঁধারে সেগুলো ট্রাকে তুলে বাইরে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এতে পাচারের আশঙ্কা দেখা দেওয়ায় নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়।

আরও জানা গেছে, তারাবির নামাজের সময় বেশিরভাগ কর্মকর্তা ও কর্মচারী মসজিদে থাকায় ওই সুযোগকে কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র মালামালগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে রেলওয়ে পূর্বাঞ্চলের নিরাপত্তা বাহিনীর তৎপরতায় ট্রাকটি আটক করা সম্ভব হয়।

রেলের এক কর্মকর্তা জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।