সারাদেশ

চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১২টি বসতঘর


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৫:৪৬ পিএম

চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১২টি বসতঘর
চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১২টি বসতঘর। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১২টি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে হালিশহরের আই ব্লকের ৪ নম্বর লেইনে এ আগুনের ঘটনা ঘটে।

স্থানীয়দের ধারণা, কোনো একটি ঘরের লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এতে একের পর এক বসতঘর আগুনে ভস্মীভূত হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে চারটি ইউনিট পাঠানো হয়। পরে প্রায় আধাঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।

স্থানীয় বাসিন্দারা জানান, আগুনে ১০ থেকে ১২টি বসতঘর পুড়ে গেছে। অনেক পরিবারের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালও আগুনে নষ্ট হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলমগীর জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১২টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে তিনি জানান।