সারাদেশ

জামায়াত-বিএনপির নেতাদের বিরুদ্ধে পল্টি নেওয়া আওয়ামী লীগ কর্মীর মামলা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৬:২১ পিএম

জামায়াত-বিএনপির নেতাদের বিরুদ্ধে পল্টি নেওয়া আওয়ামী লীগ কর্মীর মামলা
জামায়াত-বিএনপির নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগ কর্মীর মামলা। ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। মামলার বাদী হেলাল উদ্দিন সরকার, যিনি সম্প্রতি আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছেন বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। তবে তিনি এ দাবি অস্বীকার করে বলেছেন, তাকে জড়িয়ে প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা ও সম্পাদিত।

মামলার তথ্য অনুযায়ী, গত ১ জুন সন্ধ্যায় জামায়াতের একটি কর্মিসভাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হেলাল উদ্দিন সরকার ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক বিষয়ক দায়িত্বশীল মো. মেহেদী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, রামকৃষ্ণপুর কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি বিশালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

এ বিষয়ে রায়হান উদ্দিন দাবি করেন, হেলাল উদ্দিন সরকার অতীতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের নির্বাচনি প্রচারণায় সক্রিয় ছিলেন এবং এ সংক্রান্ত বিভিন্ন ছবি রয়েছে। তার অভিযোগ, আওয়ামী লীগের প্রভাবেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে হেলাল উদ্দিন সরকার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে চালানো প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি জানান, সাবেক সংসদ সদস্য এম কে আনোয়ারের সময় তিনি ইউনিয়নের ক্রীড়া সম্পাদক ছিলেন, তবে কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক ইছমাইল জানান, ইতোমধ্যে একজন আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টমাস বড়ুয়া বলেন, সংঘর্ষের ঘটনার পর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং তদন্তের দায়িত্ব একজন কর্মকর্তাকে দেওয়া হয়েছে।