সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৬:৪০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নেয়ামতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নেয়ামতপুর গ্রামের জমির হোসেনের ছেলে নুরু মিয়া (৬৫) এবং একই এলাকার মর্জু মিয়ার ছেলে সানাউল্লাহ (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের মরহুম মতি সরকারের স্ত্রীর দাফনের জন্য কবর খোঁড়ার কাজে কয়েকজন স্থানীয় ব্যক্তি অংশ নেন। একপর্যায়ে কবর ঢাকার কাজে ব্যবহৃত স্টেইনলেস স্টিলের একটি শিল্ড সরানোর সময় সেটি কবরস্থানের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে ঘটনাস্থলেই নুরু মিয়া ও সানাউল্লাহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আতিক আকরাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট একজনকে হাসপাতালে আনা হলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন জানান, এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।