সারাদেশ

লক্ষ্মীপুরে পিটিয়ে আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটালো ব্রাজিল সমর্থক!


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৫:১৫ পিএম

লক্ষ্মীপুরে পিটিয়ে আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটালো ব্রাজিল সমর্থক!
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে ফুটবল দলের পতাকা লাগানোকে কেন্দ্র করে আর্জেন্টিনা সমর্থক এক যুবককে মারধর ও মাথা ফাটানোর অভিযোগ উঠেছে ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে। সোমবার (৮ জুন) বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আজাদ হোসেন (২৮) স্থানীয় আব্দুর রহমানের ছেলে। অভিযুক্ত হিসেবে একই এলাকার আবদুল মজিদের ছেলে রিফাত হোসেনের নাম উঠে এসেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর অভিযোগ, তিনি কয়েকজন বন্ধুকে নিয়ে আর্জেন্টিনার পতাকা লাগাতে গেলে আগে থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন রিফাত হোসেন। এ ঘটনার জেরে বিকেলে কোনো ধরনের বাগ্‌বিতণ্ডা ছাড়াই তার ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হয়ে পড়েন।

আহতের বড় ভাই মনির হোসেন দাবি করেন, অভিযুক্ত রিফাত এর আগেও তাদের কাছে চাঁদা দাবি করেছিলেন এবং ভয়ভীতি দেখিয়েছিলেন। সর্বশেষ এই হামলার ঘটনায় তিনি সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে রিফাত হোসেন বলেন, তিনি কোনো হামলায় জড়িত নন। তার দাবি, ভুক্তভোগীরা এলাকায় রাজনৈতিক প্রচারণা চালাতে চাইলে সেটির প্রতিবাদ করা হয়েছিল।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, তবে কাউকে পাওয়া যায়নি। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।