সারাদেশ
চিকিৎসা শেষে শিবির নেতা জিসানকে ছাড়পত্র, আদালতে তোলার প্রস্তুতি
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সদ্য বহিষ্কৃত ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান মিয়া প্রধানকে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে তাকে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দেওয়া হয়। মেডিকেল বোর্ডের প্রতিবেদনে তাকে সুস্থ উল্লেখ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. হেলালুর রহমান।
হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) গঠিত মেডিকেল বোর্ড জিসানের শারীরিক অবস্থা ও বিভিন্ন পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালকের কার্যালয়ে জমা দেয়। প্রতিবেদনে তাকে সুস্থ ঘোষণা করা হলে পরবর্তীতে ছাড়পত্র প্রদান করা হয়।
এদিকে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুল আলম শাহ জানান, জিসানকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং তাকে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ জুন) রাত থেকে নিখোঁজ হন জিসান মিয়া প্রধান। পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হলে শুক্রবার (১৩ জুন) রাতে জেলার লাকসাম জংশন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে শনিবার (১৩ জুন) জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এক সংবাদ সম্মেলনে জানান, ২৫ বছর বয়সী এক নারী ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে অভিযুক্ত জিসান ওই নারীকে ধর্ষণ করেন এবং গর্ভধারণের পর ভ্রূণ নষ্টে চাপ প্রয়োগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পুলিশ আরও জানায়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরে তা এড়াতে জিসান নিখোঁজের নাটক সাজান। ঘটনাটি দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে।
এ ঘটনায় রোববার (১৪ জুন) চার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ, যা তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে প্রতিবেদন দেয়।