সারাদেশ
টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে সাইকেল পেল ফেনীর ৯ শিশু-কিশোর
ফেনীর দাগনভূঞায় টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ৯ জন শিশু-কিশোর পেয়েছে বাইসাইকেল পুরস্কার। একই কর্মসূচিতে ১০টি সূরা মুখস্থ ও মাসালা-মাসায়েল প্রতিযোগিতায় অংশ নিয়ে আরও ৪১ জন শিশু-কিশোরকে শিক্ষা উপকরণ ও ইসলামিক বই প্রদান করা হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ গ্রামে ‘আলোর মশাল’ সংগঠনের উদ্যোগে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও সমাজসেবক অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন দাগনভূঞা-সোনাগাজী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডা. ফখরুদ্দিন মানিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী শহীদ উল্লাহ। এছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ব্যবসায়ী ও সমাজসেবকরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তিনটি মসজিদের মোট ৪১ জন শিশু-কিশোর এই প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করায় ৯ জনকে সাইকেল দেওয়া হয়। বাকি অংশগ্রহণকারীদের স্কুল ব্যাগ, শিক্ষাসামগ্রী ও ইসলামিক বই উপহার দেওয়া হয়।
আয়োজক সংগঠন ‘আলোর মশাল’-এর আহ্বায়ক শাহাদাত হোসেন বলেন, প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের নিয়মিত নামাজ ও ধর্মীয় শিক্ষার প্রতি উৎসাহিত করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বেতুয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মনির হোসেন। আরও বক্তব্য রাখেন বীকন মডেল কলেজের প্রভাষক আবদুল্লাহ আল-মামুন, ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।