সারাদেশ

লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত অন্তরের মরদেহ নিতেও অস্বীকৃতি স্বজনদের


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৫:৩১ পিএম

লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত অন্তরের মরদেহ নিতেও অস্বীকৃতি স্বজনদের
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় গণপিটুনিতে নিহত অভিযুক্ত অন্তর মজুমদারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে পুলিশ। পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণে অস্বীকৃতি জানালে শেষ পর্যন্ত দূর সম্পর্কের এক চাচাতো ভাইয়ের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

শুক্রবার রাত আটটার দিকে সদর মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ ইয়াকুব বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অন্তর মজুমদারের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরভাটা এলাকায়। মরদেহ গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তা নিতে রাজি হননি। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহযোগিতায় নিহতের দূর সম্পর্কের এক চাচাতো ভাইকে হাসপাতালে আনা হয়। ময়নাতদন্ত শেষে বিকেলে তার কাছেই মরদেহ হস্তান্তর করা হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অরূপ পাল জানান, সুরতহাল শেষে অন্তর মজুমদারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া জানান, গণপিটুনিতে অন্তর মজুমদারের মৃত্যুর ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন।

এর আগে বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার ধানহাটা নদীর পাড় এলাকার একটি বাসার নিচতলার ফ্ল্যাটে ঢুকে অন্তর মজুমদার ধারালো অস্ত্র দিয়ে শাহিনুর বেগম ও তার তিন মেয়ের ওপর হামলা চালান। এতে শাহিনুর বেগম, তার বড় মেয়ে সায়মা আক্তার, মেঝো মেয়ে নাফিসা আক্তার ইকরা এবং ছোট মেয়ে ফাতেমা আক্তার শিফা নিহত হন। পরে স্থানীয় বাসিন্দারা অন্তরকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।