সারাদেশ

বন্ধুসহ রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৫:৫৩ পিএম

বন্ধুসহ রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমের সম্পর্কের জেরে সৃষ্ট বিরোধে ছুরিকাঘাতে সাঈদ আবদুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার ভোরে পৌর এলাকার সাত নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের এনামুল হকের ছেলে।

ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য সিয়ামের প্রেমিকা নাঈমা জাহান (১৫) এবং তার বন্ধু আরিয়ান খান মাহিদ (২২)-কে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে সিয়াম ও নাঈমার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নাঈমার দাবি, সম্পর্কের একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে বিয়ে নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়।

জানা যায়, রোববার রাতে নাঈমা সিয়ামের বাড়িতে যান। সে সময় একই কক্ষে সিয়াম, নাঈমা এবং সিয়ামের এক বন্ধু অবস্থান করছিলেন। সোমবার ভোরে নাঈমাকে দ্রুত বাড়ি থেকে চলে যেতে বললে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন সিয়াম।

সিয়ামের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে নাঈমা ও আরিয়ানকে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিয়ামকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নাঈমা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে তিনি জানান। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।