সারাদেশ
চট্টগ্রাম বন্দরে স্বয়ংক্রিয় টার্মিনাল অপারেটিং সিস্টেম চালু
চট্টগ্রাম বন্দরে শতভাগ স্বয়ংক্রিয় টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) চালু হয়েছে। এর ফলে পণ্য ডেলিভারিতে আর কোনো ম্যানুয়াল বা কাগজভিত্তিক প্রক্রিয়া থাকবে না। ডেলিভারি অর্ডারের আবেদন থেকে শুরু করে চূড়ান্ত গেট আউট পর্যন্ত প্রতিটি ধাপ এখন সম্পন্ন হবে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে। এতে দেশের প্রধান সমুদ্রবন্দর পেপারলেস কার্যক্রমের দিকে আরও একধাপ এগিয়ে গেল।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় বন্দরের সচিব মো. নাছির উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ২০১১ সাল থেকে জাহাজের চলাচল ও বন্দরের অভ্যন্তরে কনটেইনার পরিবহন কার্যক্রম টার্মিনাল অপারেটিং সিস্টেমের মাধ্যমে পরিচালিত হলেও পূর্ণ স্বয়ংক্রিয়তা না থাকায় এর সব সুবিধা পাওয়া যাচ্ছিল না। পূর্বে কেবল ইলেকট্রনিক ডেলিভারি অর্ডার আবেদন ও তৈরি এই দুটি ধাপ অনলাইনে সম্পন্ন হতো, বাকি কার্যক্রম ছিল ম্যানুয়াল।
নতুন ব্যবস্থায় ডেলিভারি ডকুমেন্টেশনের প্রতিটি ধাপ এখন সম্পূর্ণভাবে ডিজিটাল সিস্টেমে পরিচালিত হবে। প্রতিটি ধাপ নির্ধারিত ক্রমানুসারে সম্পন্ন করতে হবে এবং একটি ধাপ শেষ না হলে পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ থাকবে না। পূর্ববর্তী ধাপ যাচাই হয়ে সম্পন্ন হলেই পরবর্তী ধাপ স্বয়ংক্রিয়ভাবে উন্মুক্ত হবে।
নিরাপত্তা ও আইনি বাধ্যবাধকতা জোরদার করতে এই সিস্টেমকে জাতীয় রাজস্ব বোর্ডের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সঙ্গে তাৎক্ষণিকভাবে যুক্ত করা হয়েছে।
এই ডিজিটাল পদ্ধতির ফলে আর অফিস থেকে অফিসে ঘুরে ডকুমেন্টেশন সম্পন্ন করতে হবে না। এতে সিঅ্যান্ডএফ এজেন্ট, ব্যবসায়ী এবং বন্দর সংশ্লিষ্টদের সময় সাশ্রয় হবে। পাশাপাশি জালিয়াতি, ভুয়া নথি ব্যবহার ও প্রশাসনিক অনিয়ম প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই উদ্যোগ।