সারাদেশ

৮ মাসে নিজ হাতে ৩০ পারা পবিত্র কোরআন লিখলেন লাকসামের সুরাইয়া


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৮:৪০ পিএম

৮ মাসে নিজ হাতে ৩০ পারা পবিত্র কোরআন লিখলেন লাকসামের সুরাইয়া
ছবি: সংগৃহীত

কুমিল্লার লাকসাম উপজেলায় নিজ হাতে সম্পূর্ণ পবিত্র কোরআনুল কারিম লিখে আলোচনায় এসেছেন মেধাবী শিক্ষার্থী সুরাইয়া জান্নাত। টানা আট মাসের পরিশ্রম, ধৈর্য ও একাগ্রতায় তিনি এই ব্যতিক্রমী অর্জন সম্পন্ন করেন। তার এ অনন্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

সুরাইয়া জান্নাত উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চাঁদগাঁও গ্রামের বাসিন্দা। তিনি মুদাফরগঞ্জ এ ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পারিবারিক অনুপ্রেরণা ও শিক্ষকদের উৎসাহে পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি হাতে কোরআন লেখার উদ্যোগ নেন। প্রতিদিন নির্দিষ্ট সময় ব্যয় করে ধাপে ধাপে কোরআনের প্রতিটি সূরা ও আয়াত সুন্দরভাবে লিপিবদ্ধ করেন তিনি। প্রায় আট মাসের নিরলস প্রচেষ্টার পর অবশেষে সম্পূর্ণ কোরআন লেখা শেষ করতে সক্ষম হন।

সম্প্রতি উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা বলেন, সুরাইয়ার এই উদ্যোগ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় এবং ধর্মীয় মূল্যবোধ চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় আরও উপস্থিত ছিলেন কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, স্থানীয় শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা।

সুরাইয়া জান্নাত বলেন, “নিজ হাতে পবিত্র কোরআন লেখা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। আল্লাহর অশেষ রহমতে সেই স্বপ্ন পূরণ হয়েছে। পরিবারের সদস্য ও শিক্ষকদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না।”

তিনি ভবিষ্যতে ধর্মীয় শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন।