সারাদেশ

তিন সন্তান রেখে মসজিদের ইমামের হাত ধরে উধাও কানাডা প্রবাসীর স্ত্রী


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৩ পিএম

তিন সন্তান রেখে মসজিদের ইমামের হাত ধরে উধাও কানাডা প্রবাসীর স্ত্রী
ছবি: সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে তিন সন্তানকে রেখে এক মসজিদের ইমামের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কানাডা প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গৃহবধূর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ। এর আগে ২৭ জুন উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, পালিয়ে যাওয়া গৃহবধূ নিশাত আক্তার (৩০) স্থানীয় বাসিন্দা মো. আবু ইউসুফের মেয়ে। অভিযুক্ত ইমাম মো. রিয়াজ হোসেন (২৬) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বাসিন্দা।

নিশাত আক্তারের স্বামী একজন কানাডা প্রবাসী। স্বামী বিদেশে থাকার কারণে তিনি দীর্ঘদিন ধরে তিন সন্তানসহ বাবার বাড়িতে বসবাস করছিলেন। এ সময় স্থানীয় একটি মসজিদের ইমাম রিয়াজের সঙ্গে তার পরিচয় হয় এবং একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগ অনুযায়ী, গত ২৭ জুন দুপুরে তারা পরিকল্পিতভাবে পালিয়ে যান। যাওয়ার সময় নিশাত তার তিন সন্তানকে বাবার বাড়িতেই রেখে যান।

গৃহবধূর মায়ের দাবি, পালিয়ে যাওয়ার সময় নিশাত ঘর থেকে নগদ প্রায় ৯ লাখ ১০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ বিপুল পরিমাণ মালামাল নিয়ে গেছেন। এর আগে বিভিন্ন সময় তিনি ঘর থেকে টেলিভিশন, গৃহস্থালির সামগ্রী, একটি স্কুটি ও অন্যান্য জিনিসপত্র সরিয়ে নিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

পরিবারের সদস্যরা জানান, মেয়ের নিখোঁজের পর ঘর তল্লাশি চালিয়ে নিশাত ও রিয়াজের বিয়ের একটি হলফনামা পাওয়া যায়। এতে উল্লেখ রয়েছে, তারা গত ৪ মে পূর্বের কাবিন বাতিল করে নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নিখোঁজ গৃহবধূ ও অভিযুক্ত ইমামের অবস্থান শনাক্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পায়নি পরিবার। অভিযোগে ইমাম রিয়াজ, নিশাত আক্তার এবং রিয়াজের বাবা-মাসহ মোট চারজনকে আসামি করা হয়েছে।