সারাদেশ

নবজাতকের মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় মা’সহ আহত ৪


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১০:৩৮ পিএম

নবজাতকের মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় মা’সহ আহত ৪
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে নবজাতকের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে একটি অ্যাম্বুলেন্স। রোববার (৫ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা মৃত নবজাতকের মা ও স্বজনসহ চারজন আহত হয়েছেন। আহতরা হলেন- মা মনোয়ারা বেগম, চাচা আমির হোসেন, দাদি সুফিয়া খাতুন এবং নানি বিউটি বেগম। তারা সবাই ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটির মৃত্যু হয়। এরপর পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সে করে শিশুটির মরদেহ নিয়ে নিজ বাড়ি ফেনীর সোনাগাজীতে ফিরছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের দক্ষিণ বাইপাস এলাকায় পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে।

সড়কে থাকা কয়েকটি পিকআপ ভ্যানের মধ্যে একটি হঠাৎ গতি কমিয়ে দিলে পেছনের একটি মাছবাহী পিকআপ সেটিকে ধাক্কা দেয়। একই সময়ে পেছন থেকে দ্রুতগতিতে আসা মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পিকআপগুলোকে সজোরে আঘাত করে। বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় চালক গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।

সংঘর্ষে অ্যাম্বুলেন্সটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নুরুল আফসার জানান, বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পিকআপের পেছনে ধাক্কা দেয়। এতে যাত্রীরা আহত হলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা গেছে, গত শুক্রবার (৩ জুলাই) সকালে নবজাতকটিকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রোববার সকালে সেখানেই তার মৃত্যু হয়।