সারাদেশ

খাগড়াছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত ৩


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৬:৩৮ পিএম

খাগড়াছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত ৩
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে তিন যুবক নিহত হয়েছেন। এ সময় আরও দুই যুবককে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চেঙ্গী ইউনিয়নের পূজগাং এলাকার মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।

পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এখনো নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। হামলার পেছনের কারণ ও জড়িতদের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে তিনি জানান। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ যুবক একটি টমটমে করে পানছড়ির দিকে যাচ্ছিলেন। পথে মধুমঙ্গল পাড়া এলাকায় সশস্ত্র দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনজন ঘটনাস্থলেই নিহত হন। হামলার পর বাকি দুইজনকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে নিরাপত্তা জোরদার করেছে।

এদিকে, এক বিবৃতিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিত) দাবি করেছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) গ্রুপের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। সংগঠনটির খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, দীর্ঘদিন ধরে জেএসএস (সন্তু) গ্রুপের ভেতরে অনিয়ম, বৈষম্য, দুর্নীতি ও স্বজনপ্রীতি নিয়ে ক্ষোভ চলছিল। পাশাপাশি তাদের ইচ্ছার বিরুদ্ধে সংঘাতে জড়াতে বাধ্য করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় পাঁচ সদস্য দলত্যাগের চেষ্টা করলে তাদের ওপর গুলি চালানো হয় বলে দাবি করেন তিনি।

তবে এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) গ্রুপের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, নিহত ও নিখোঁজদের পরিচয় শনাক্ত এবং জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।