সারাদেশ

চট্টগ্রামে একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৭:৪৬ পিএম

চট্টগ্রামে একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা-বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্থানীয় মৃত রেবতি দাশ গুপ্তার ছেলে স্বপন দাশ গুপ্ত (৬৫) এবং তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। তাদের একমাত্র ছেলে রিমন দাশ গুপ্ত (৪২) এ ঘটনায় জড়িত বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও নিহত কল্পনা দাশের ছোট জা তিথি দাশ জানান, রিমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং একাধিকবার তাকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছিল। শনিবার সকালে মা-বাবার সঙ্গে বাইরে গিয়ে দুপুরে বাড়ি ফেরার পর হঠাৎ করেই সে ছুরি দিয়ে মায়ের ওপর হামলা চালায়। মাকে বাঁচাতে এগিয়ে গেলে বাবাকেও আঘাত করে। পরে আশপাশের লোকজনকে ডেকে এনে তারা ঘটনাস্থলে কল্পনা দাশকে মৃত অবস্থায় পান এবং গুরুতর আহত স্বপন দাশ গুপ্তকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, গুরুতর আহত অবস্থায় স্বপন দাশ গুপ্তকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় তার মৃত্যু হয়।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি এবং হাসপাতাল থেকে আরেকটি মরদেহের তথ্য পাওয়া গেছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।