সারাদেশ

টিনের চালে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৮:৩২ পিএম

টিনের চালে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদ্রাসার টিনের চালে ওঠে খেলার বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ হোসেন আসহাব (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের মাসুমা ফাউন্ডেশন তালিমুল কুরআন মাদ্রাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আসহাব পূর্ব কলাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিয়াজীপাড়া এলাকার মোহাম্মদ ফারুকের ছেলে। তিনি ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার সময় তাদের বলটি মাদ্রাসার টিনের চালের ওপর গিয়ে পড়ে। পরে বলটি আনতে ছাদে ওঠে আসহাব। এ সময় সেখানে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে সে গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

ঘটনার পর মাদ্রাসার শিক্ষক ও সহপাঠীরা তাকে উদ্ধার করে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এজাজুল ইসলাম শিহাব জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার একাধিক চিহ্ন পাওয়া গেছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।