সারাদেশ
লক্ষ্মীপুরে বিয়ের অতিথিদের মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩
লক্ষ্মীপুরের রায়পুরে একটি বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার কেরোয়া ইউনিয়নের মন্ত্রী পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বেলাল হোসেন (৪০), শাহিনুর (৪০) ও ইয়াসিন (২২)। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, কেরোয়া ইউনিয়নের শাহ আলম পাটোয়ারীর মেয়ে নাজমার সঙ্গে কলাকোপা এলাকার খলিলুর রহমানের ছেলে মুক্তার হোসেনের বিয়ে হয়। বিয়েতে তিন লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়। আনুষ্ঠানিকতা শেষে অতিথিদের খাবার পরিবেশনের সময় বরের বড় ভাই খাবারের পরিমাণ নিয়ে আপত্তি জানান। এ নিয়ে আয়োজকদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বরও এতে জড়িয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি বাঁশ ও লাঠি নিয়ে হামলার চেষ্টা করেন। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হলে অন্তত তিনজন আহত হন।
কনের বাবা শাহ আলম পাটোয়ারী জানান, খাবার পরিবেশন নিয়ে প্রথমে বরের ভাই আপত্তি তোলেন। পরে বিষয়টি নিয়ে কথা কাটাকাটি বাড়তে থাকলে বর উত্তেজিত হয়ে পড়েন এবং সেখান থেকেই মারামারির সূত্রপাত হয়।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।