সারাদেশ

খাবারে আস্ত খাসি না পেয়ে বিয়ে না করে চলে যাওয়ার বিষয়ে যা বললেন সেই বর


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৪:০৪ পিএম

খাবারে আস্ত খাসি না পেয়ে বিয়ে না করে চলে যাওয়ার বিষয়ে যা বললেন সেই বর
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানে আস্ত খাসি না থাকায় বিয়ে না করে চলে যাওয়ার ঘটনায় মুখ খুলেছেন জাপানপ্রবাসী বর জোনায়েদ মিয়া। এবার কনেপক্ষের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন তিনি। তার দাবি, পূর্বনির্ধারিত কাবিনের চেয়ে ১০ গুণ বেশি কাবিন দাবি, যোগাযোগে বাধা এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন জোনায়েদ।

পোস্টে জোনায়েদ দাবি করেন, বিয়ের আসরে খাওয়া-দাওয়া শেষে কনেপক্ষ পূর্বনির্ধারিত অঙ্কের চেয়ে ১০ গুণ বেশি কাবিন দাবি করে। তিনি ও তার পরিবার এতে রাজি না হওয়ায় কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের বিয়ের আসর থেকে বের করে দেওয়া হয়। পরে কনের জন্য নিয়ে যাওয়া সব লাগেজও ফেরত পাঠানো হয় বলে দাবি করেন তিনি।

জোনায়েদ আরও বলেন, কনের সঙ্গে তাকে কোনো ধরনের যোগাযোগ করতে দেওয়া হয়নি। এমনকি কনে যাতে তার সঙ্গে যোগাযোগ করতে না পারে, সেভাবেই তাকে তার বাবা শাসন করেছেন। রাতে কনেপক্ষ তার সঙ্গে যোগাযোগ করে বিয়ে করতে বললেও তিনি রাজি হননি। এরপর তাকে জবাই করে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তার আরও অভিযোগ, এরপর রাত থেকে টাকা দিয়ে ভাড়া করা সাংবাদিকদের মাধ্যমে ইচ্ছামতো মিথ্যা পোস্ট করিয়ে তার সম্মানহানির চেষ্টা করা হচ্ছে। এসব ঘটনায় কাউকে বিচলিত না হওয়ার আহ্বান জানান তিনি।

তবে এ ঘটনায় স্থানীয়দের বক্তব্যে ভিন্ন তথ্য পাওয়া গেছে। নিয়ামতপুর গ্রামের গ্রাম পুলিশ সালাম মিয়া বলেন, ঘটনাটি খাসিকে কেন্দ্র করেই হয়েছে বলে তিনি শুনেছেন।

একই গ্রামের বর্তমান ইউপি সদস্য মো. আলামিনও জানান, ঘটনার সূত্র খাসিকে কেন্দ্র করেই হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

এর আগে কনের বাবা মো. শফিকুল ইসলাম জানিয়েছিলেন, বিয়ের অনুষ্ঠানে আস্ত খাসি না থাকায় বর আপত্তি করেন। তাকে বোঝানোর চেষ্টা করা হলেও খাসি ছাড়া বিয়ে করতে রাজি হননি তিনি। পরে বিয়ে না করেই চলে যান।

এদিকে জোনায়েদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টের পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। অনেকে তার বক্তব্যের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

আসলাম মিয়া নামে একজন মন্তব্য করে বলেন, বিয়েতে কাবিনসহ দেনা-পাওনার বিষয়গুলো সাধারণত আগেই মীমাংসা করা হয়, যাতে বিয়ের সময় কোনো সমস্যা তৈরি না হয়। তিনি জোনায়েদের ১০ গুণ বেশি কাবিন দাবির অভিযোগের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন।

অন্যদিকে জাহিদুল ইসলাম নামে আরেকজন মন্তব্য করেন, বরের সঙ্গে থাকা বরযাত্রীরাই তাদের দোষের কথা বলছেন। ভুল করলে তা স্বীকার করায় কোনো অন্যায় নেই বলেও মন্তব্য করেন তিনি।