সারাদেশ
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ, ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন এমপি জসিম
সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ‘ভুয়া ফোনকলের’ ভিডিও নিয়ে নিজের বক্তব্য দিয়েছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ। তার দাবি, একটি ভিডিওর শুরুর অংশ বাদ দিয়ে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মুঠোফোনে গণমাধ্যমকে জসিম উদ্দিন আহমেদ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ হাজার পরিবারকে সহায়তার অংশ হিসেবে দিয়াকুল এলাকায় যাওয়ার পর স্থানীয় মানুষের দুর্দশার কথা শুনে তিনি দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী নাঈম উদ্দিনকে ফোন দিতে বলেন। ফোনটি ধরার পর তিনি সড়কটি দ্রুত সংস্কারের নির্দেশ দেন।
জসিম উদ্দিন আহমেদ বলেন, ‘সম্প্রতি দেখতে পাচ্ছি, ভিডিওর প্রথম অংশ কেটে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মুঠোফোনে কল বা বার্তা আসা, বৃষ্টিতে ভেজার কারণে সংবেদকজনিত সমস্যা, কান থেকে মুঠোফোন দূরে নেওয়া কিংবা অন্য কোনো কারণেও আলো জ্বলতে পারে।’
সংসদ সদস্যের দাবি, ভিডিওর আংশিক অংশ প্রচার করে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে অভিযোগকারীরা খারাপ রুচির পরিচয় দিচ্ছেন। আবার অনেকে বিষয়টি না জেনে বা না বুঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে গত ২০ জুলাই দোহাজারী পৌরসভার দিয়াকুল আশ্রয়ণ প্রকল্প এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন জসিম উদ্দিন আহমেদ।
ত্রাণ বিতরণ শেষে স্থানীয় বাসিন্দারা পাহাড়ি ঢলে চলাচলের সড়কটি ভেঙে যাওয়ার কথা জানিয়ে দ্রুত সংস্কারের অনুরোধ জানান। পরে সংসদ সদস্য দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী নাঈম উদ্দিনকে ফোন দেন।
এ সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, মুঠোফোনে কথা বলার সময় জসিম উদ্দিন আহমেদের মুঠোফোনের পর্দায় আলো জ্বলছে। ভিডিওটির মাধ্যমে দাবি করা হয়, তিনি উপস্থিত মানুষের সামনে ফোনে কথা বলার অভিনয় করে মিথ্যা আশ্বাস দিয়েছেন।
তবে সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ ওই অভিযোগ অস্বীকার করে ভিডিওটির আংশিক অংশ প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেছেন।