সারাদেশ

হাসনাতের বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৯:৪৪ এএম

হাসনাতের বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। শুক্রবার (২৮ আগস্ট) রাত ১২টার দিকে শহরের জামিয়া ইউনুসিয়া মাদরাসা থেকে মিছিলটি বের হয়।

মিছিলে প্রায় ১৫০ থেকে ২০০ জন শিক্ষার্থী অংশ নেন। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভকারীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা সম্প্রতি জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে হাসনাত আবদুল্লাহর দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেন। এ সময় বিক্ষোভকারীরা তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে বক্তব্য প্রত্যাহার করে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান তারা।

বক্তারা বলেন, হাসনাত আবদুল্লাহকে তার বক্তব্যের জন্য অবশ্যই ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি হতে না দেওয়ার ঘোষণা দেন তারা।

দলটির পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শনিবার বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে দেশের বিভিন্ন স্থানে খুন, ধর্ষণ, পুলিশের ওপর হামলা ও নারী নির্যাতনের তথ্য তুলে ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়েও কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়াকে একটি সাংস্কৃতিক অঞ্চল উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ সেখানে গান, বাদ্যযন্ত্র ও সিনেমা বন্ধের মতো পরিস্থিতি রয়েছে বলে মন্তব্য করেন। এসব বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছেন কি না, তা জানতে চান তিনি।

তার ওই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইসলামি অঙ্গনে সমালোচনা শুরু হয়। বিশেষ করে গান, বাদ্যযন্ত্র ও সিনেমা নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মহলে প্রশ্ন ও আপত্তি দেখা দেয়।