সারাদেশ

নিজ ঘরে ঝুলছিল বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ এএম

নিজ ঘরে ঝুলছিল বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের এক যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোহাম্মদ ছায়েদুর রহমান। তার বয়স ৫৫ বছর।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নগরের হালিশহরের উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সহকর্মীদের বরাতে জানা গেছে, প্রায় দুই বছর আগে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পান ছায়েদুর রহমান। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে একটি সভায় ছিলেন। সে সময় তাকে স্বাভাবিক ও হাসিখুশি দেখা গেছে।

পরে সন্ধ্যার পর ছায়েদুর রহমানের স্ত্রী নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে যান। এ সময় তিনি স্ত্রীকে দ্রুত বাসায় ফিরে আসতে বলেন। পরে স্ত্রী বাসায় ফিরে তাকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে হালিশহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মণ্ডল বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ছায়েদুর রহমানের মরদেহ উদ্ধার করেছে। তিনি আত্মহত্যা করেছেন, নাকি তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ছায়েদুর রহমান তিন মেয়ের বাবা। বড় মেয়ে প্রকৌশলী এবং ছোট মেয়ে এমবিবিএস পড়ছেন। তারা দুজনই ঢাকায় থাকেন। মেজ মেয়ে চিকিৎসক হিসেবে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।