সারাদেশ
কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক, জব্দ ১ হাজার ৯৩৮ আইফোন
কক্সবাজারে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে ছয় চীনা নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, ৩০ থেকে ৪০টি ল্যাপটপসহ বিভিন্ন ধরনের যোগাযোগ সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে কক্সবাজার শহরের হোটেল সি প্যালেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রামু থানায় দায়ের করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালানো হয়। অভিযানে ছয় চীনা নাগরিককে আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের অভিযোগ আনা হয়েছে। তবে মামলার নম্বর, আটক ব্যক্তিদের নাম এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি তিনি।
পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দাবি করেছেন, কক্সবাজারে এ ধরনের কর্মকাণ্ডে আরও বিদেশি নাগরিক জড়িত থাকতে পারেন। তার দাবি, প্রায় ২০০ থেকে ৩০০ চীনা ও তাইওয়ানি নাগরিক মেরিন ড্রাইভের দুটি হোটেল ভাড়া নিয়ে অবস্থান করছেন। তাদের বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে। তাদের আটকে পুলিশের অভিযান চলমান বলেও জানান তিনি।
তবে বিপুলসংখ্যক বিদেশি নাগরিকের সংশ্লিষ্টতা এবং তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
হোটেল সি প্যালেস কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেলটিতে ওঠে। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানের সময় তাদের কয়েকজনকে আটক করা হয়। তারা কী উদ্দেশ্যে কক্সবাজারে এসেছিলেন এবং হোটেলে অবস্থান করে কী ধরনের কর্মকাণ্ড চালাচ্ছিলেন, সে বিষয়ে কোনো মন্তব্য করেনি হোটেল কর্তৃপক্ষ।