সারাদেশ
মামলা নেওয়ায় ওসিকে পেটানোর হুমকি দিলেন ‘সন্ত্রাসী বগা’
চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিমকে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা ওয়াকিল হোসেন ওরফে বগার বিরুদ্ধে। কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের ঘটনায় মামলা হওয়ার পর বৃহস্পতিবার রাতে থানার সরকারি মুঠোফোন নম্বরে ফোন করে ওসিকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শুক্রবার রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ আবদুর রহিম।
পুলিশ সূত্রে জানা গেছে, ওয়াকিল হোসেন নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। গত ২৯ আগস্ট নগরের পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের অভিযোগ ওঠে তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষক বৃহস্পতিবার খুলশী থানায় মামলা করেন। মামলায় ওয়াকিল হোসেনকেও আসামি করা হয়েছে।
মামলা হওয়ার পর শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ওয়াকিল হোসেনকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। পুলিশের দাবি, এ সময় তার অনুসারীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশের পথ আটকে দেওয়ার চেষ্টা করেন।
পুলিশের ভাষ্য, একপর্যায়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল, বোতল ও বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ করা হয়। এতে ওসি মোহাম্মদ আবদুর রহিম, তার দেহরক্ষীসহ ছয় পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশের একটি সরকারি গাড়িও ভাঙচুর করা হয়।
পুলিশ জানায়, হামলার একপর্যায়ে ওয়াকিল হোসেন তার বাসার ভেতরের একটি গোপন সুড়ঙ্গপথ দিয়ে পরিবারের সদস্যদের সহযোগিতায় পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ওসি মোহাম্মদ আবদুর রহিম বলেন, বগার বিরুদ্ধে মামলা নেওয়ার পর বৃহস্পতিবার রাতে তার সরকারি নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করা হয়। একপর্যায়ে তাকে পেটানোর হুমকিও দেওয়া হয়। তবে এসব হুমকিতে তিনি ভয় পান না বলে জানান। জনগণের জানমাল রক্ষায় পুলিশ সব সময় সচেষ্ট থাকবে বলেও জানান তিনি।
পুলিশ জানিয়েছে, সরকারি গাড়ি ভাঙচুর এবং পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।