সারাদেশ
সীমান্ত থেকে দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয়েছেন বাংলাদেশ পুলিশের দুই সদস্য। আটক দুজনের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং অন্যজন কনস্টেবল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুই পুলিশ সদস্য হলেন এএসআই ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।
ওসি মো. ফারুক হোসেন জানান, মাদক উদ্ধারের উদ্দেশে থানার ওই দুই পুলিশ সদস্য সীমান্ত এলাকায় যান। এ সময় নতুন যোগ দেওয়া কনস্টেবল রোহিত দেওয়ান পথ চিনতে না পেরে এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করতে গিয়ে বাংলাদেশ ও ভারতের সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন শূন্যরেখায় প্রবেশ করেন।
পরে ভারতের স্থানীয় মাদক কারবারিরা কনস্টেবল রোহিত দেওয়ানকে আটক করেন। তাকে উদ্ধার করতে গেলে এএসআই ইমরান হোসেনকেও আটক করেন তারা। পরে দুজনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এরপর বিএসএফ দুই পুলিশ সদস্যকে নিয়ে যায়।
ওসি জানান, আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন।