সারাদেশ
শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের দাবি করা রুবেল গ্রেপ্তার
চট্টগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে শহিদুল ইসলাম ওরফে রুবেল নামে ৩৭ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ১৭ অক্টোবর রাত ৮টার দিকে নগরের হালিশহর থানার আই ব্লক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার প্রায়ই কথা হতো।
গ্রেপ্তার শহিদুল ইসলাম ফেনী সদর থানার ফরহাদাবাদ ইউনিয়নের দক্ষিণ ফরহাদনগর গ্রামের কামাল পাশার ছেলে। তিনি চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ হাউজিং সোসাইটির একটি ভবনে বসবাস করতেন।
পুলিশ জানায়, শহিদুল নিজেকে ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামের একটি টেলিগ্রাম গ্রুপের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচয় দিতেন। এ ছাড়া ‘চট্টগ্রাম দক্ষিণ, শেখ হাসিনা ঐক্য পরিষদ’, ‘চট্টগ্রাম উত্তর, শেখ হাসিনা ঐক্য পরিষদ’ এবং ‘ফেনী জেলা, শেখ হাসিনা ঐক্য পরিষদ’সহ ১০ থেকে ১২টি হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রশাসক হিসেবে যুক্ত ছিলেন তিনি।
‘মো. শহিদুল ইসলাম’ নামের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম ওরফে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ওই যুবক দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছিলেন।
এ ছাড়া নগরের বিভিন্ন থানা এলাকায় সরকারবিরোধী মিছিল ও সভা পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ওসি আরও জানান, রুবেলের বিরুদ্ধে হালিশহর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা রয়েছে।