সারাদেশ
৩০ লাখ টাকার প্রলোভনে রুশ সেনাবাহিনীতে যোগ, প্রাণ হারালেন সাগর
রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে মো. সাগর নামে ২৪ বছর বয়সী এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। যুদ্ধে যোগ দিলে ৩০ লাখ টাকা পাওয়া যাবে, এমন প্রলোভনে পড়ে চলতি বছরের মে মাসে রুশ সেনাবাহিনীতে যোগ দেন তিনি। এরপর থেকে পরিবারের সঙ্গে তার আর কোনো যোগাযোগ ছিল না।
গত শনিবার ১৭ অক্টোবর সাগরের এক সহকর্মীর মাধ্যমে তার মৃত্যুর খবর জানতে পারে পরিবার। নিহত সাগর কুমিল্লার চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার বাসিন্দা কবির হোসেনের ছেলে।
সোমবার ১৯ অক্টোবর সাগরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বাবা কবির হোসেন।
তিনি জানান, পাঁচ সন্তানের মধ্যে সাগর সবার ছোট। চান্দিনার একটি রড ও সিমেন্টের দোকানে ভ্যানে করে মালামাল আনা নেওয়ার কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। ২০২৫ সালের মাঝামাঝি রাশিয়া যাওয়ার জন্য বায়না ধরেন সাগর। প্রায় ছয় লাখ টাকা খরচ করে রাশিয়ায় যাওয়ার পর একটি বেকারিতে চাকরি নেন তিনি। পরে সেখানে এক দালালের খপ্পরে পড়েন সাগর। ওই দালাল ৩০ লাখ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে রাজি করান।
কবির হোসেন বলেন, সাগর যখন তাকে এসব জানিয়েছিলেন, তখন তিনি ছেলেকে নিষেধ করেছিলেন। কিন্তু তার কথা না শুনে রাশিয়ার হয়ে যুদ্ধে জড়িয়ে পড়েন সাগর। চলতি বছরের মে মাসে যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে ছেলের সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারেননি তিনি। গত শনিবার সাগরের এক সহকর্মী ফোন করে তার মৃত্যুর খবর জানান।
ছেলের মৃত্যুর খবর জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কবির হোসেন। একপর্যায়ে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
সাগর ঠিক কবে মারা গেছেন এবং তার মরদেহ দেশে আনা হবে কি না, সে বিষয়ে জানতে পরে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি আর ফোন ধরেননি।
চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক বলেন, সাংবাদিকদের মাধ্যমে তিনি খবরটি শুনেছেন। বিষয়টি খোঁজ নিয়ে সাগরের পরিবারের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।