সারাদেশ

গোপালগঞ্জে ১৪ ঘণ্টা কারফিউ শিথিল


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১২:৫৭ পিএম

গোপালগঞ্জে ১৪ ঘণ্টা কারফিউ শিথিল
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত সহিংস পরিস্থিতির পর গোপালগঞ্জে জারি করা কারফিউ আংশিকভাবে শিথিল করা হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার রাত ১১টার দিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, "পরিস্থিতি পর্যালোচনা করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।"

এর আগে, গত বুধবার এনসিপির সমাবেশকে ঘিরে শহরের বিভিন্ন এলাকায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগসহ সহিংসতা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে ১৪৪ ধারা জারি করা হয়। পরে সন্ধ্যা ৬টা থেকে পুরো গোপালগঞ্জ জেলায় কারফিউ জারি করে প্রশাসন।

পরবর্তীতে, বৃহস্পতিবার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর উপস্থিতিতে আয়োজিত এক ব্রিফিংয়ে কারফিউর সময় বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়। ওই দিন দুপুর ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ সাময়িক শিথিল রাখা হয়। শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় দফায় মেয়াদ বাড়িয়ে শনিবার সকাল ৬টা পর্যন্ত কার্যকর রাখা হয় কারফিউ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার সকাল থেকে রাত পর্যন্ত ১৪ ঘণ্টার জন্য জনসাধারণকে চলাচলের সুযোগ দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসন সতর্ক রয়েছে।

উল্লেখ্য, সহিংস ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রশাসন দাবি করেছে, সহিংসতায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।