সারাদেশ
তুলে নেওয়া হলো গোপালগঞ্জের কারফিউ ও ১৪৪ ধারা
গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা ও প্রাণহানির ঘটনার পর টানা কয়েকদিনের কারফিউ এবং ১৪৪ ধারা অবশেষে তুলে নেওয়া হয়েছে। রবিবার (২০ জুলাই) রাত ৮টা থেকে এসব বিধিনিষেধ আর কার্যকর থাকবে না বলে জানিয়েছে জেলা প্রশাসন।
জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার সার্বিক পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। তাই রাত ৮টার পর থেকে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। তবে, যারা সহিংসতায় জড়িত, তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এর আগে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ঘোষিত পদযাত্রাকে কেন্দ্র করে ১৬ জুলাই গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেদিন রাতেই কারফিউ জারি করে প্রশাসন।
এরপর কয়েক দফায় সময়সীমা বাড়িয়ে ২০ জুলাই পর্যন্ত কারফিউ ও ১৪৪ ধারা জারি রাখা হয়। মাঝে মাঝে শিথিল করা হলেও পুরো জেলাজুড়ে কড়া নজরদারি ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় কারফিউ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, গোপালগঞ্জের শান্তি ও স্বাভাবিক অবস্থা নিশ্চিত করতে এখনও চলছে বিশেষ নজরদারি।