সারাদেশ
কারাগারে খালাতো ভাইকে গাঁজা দিতে গিয়ে যুবক আটক
ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী খালাতো ভাইকে গাঁজা সরবরাহ করতে গিয়ে নয়ন চন্দ্র মণ্ডল (২৪) নামের এক যুবক ধরা পড়েছেন।
শনিবার (৩ আগস্ট) বেলা দেড়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
আটক নয়ন চন্দ্রের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর গ্রামে। কারা সূত্রে জানা যায়, নয়নের খালাতো ভাই সিনহাত মণ্ডল কয়েক দিন আগে কোনো মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী হন। আজ দুপুরে নয়ন কারাগারে এসে দাবি করেন, তিনি তাঁর ভাইয়ের সঙ্গে দেখা করতে চান।
তবে প্রধান ফটকের সামনে স্থাপিত আরপি তল্লাশিচৌকিতে তাঁর আচরণ সন্দেহজনক মনে হলে কারারক্ষীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। জবাব এড়িয়ে যেতে থাকায় নয়নের শরীর তল্লাশি করলে তাঁর প্যান্টের পেছনের পকেট থেকে দুই পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। এরপর তাৎক্ষণিকভাবে তাঁকে আটক করা হয়।
ঘটনার বিষয়ে জানতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এম মাসুমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
তবে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আকতার হোসেন। তিনি বলেন, “গাঁজাসহ একজন যুবককে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।”