সারাদেশ
টাঙ্গাইলে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জন নিহতের ঘটনায় পরিচয় পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ধনবাড়ী-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার হাসিল মনিকাবাড়ী গ্রামের মৃত নুর ইসলামের ছেলে ও পিকআপ চালক জুয়েল (৩২), জেলার মেলান্দহ উপজেলার চরপালিশা গ্রামের মো. আমিনুলের ছেলে স্বপন মিয়া (৩৫) এবং ৫ নং চর গ্রামের মো. জিন্নাত আলীর ছেলে আল-আমিন (৩০)। এরা দুইজনেই মোটরসাইকেল আরোহী।
আহত ব্যক্তি হলেন- ময়মনসিংহ সদর উপজেলার পান্ডাপাড়া গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে মো. সানী (১৮)।
টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) মো: আরিফুল ইসলাম ঢাকাপ্রকাশকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিকআপটি জামালপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ধনবাড়ীগামী একটি মোটরসাইকেল মহাসড়কের বিলাসপুর বটতলা এলাকায় পৌঁছলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেল আরোহী ও একজন পিকআপ চালকের মৃত্যু হয়। আহত হন আরও একজন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল নিহত ও আহতকে উদ্ধার করে।
টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) মো: আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয় এবং আহত ব্যক্তি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।