সারাদেশ
আওয়ামী লীগ কর্মীদের প্রবেশ, দুধ দিয়ে ধোয়া হলো বিএনপির পার্টি অফিস (ভিডিও)
গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির উপজেলা কার্যালয়ে আওয়ামী লীগের কর্মীদের প্রবেশের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে স্থানীয় বিএনপি ও ছাত্রদল। ঘটনার প্রতিবাদ হিসেবে এক মণ দুধ দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে ওই পার্টি অফিস, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
বুধবার (৬ আগস্ট) রাতে কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিনের নেতৃত্বে এ ঘটনা ঘটে।
পরে দুধ দিয়ে পরিষ্কার করার সেই দৃশ্য ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়—বালতিতে করে দুধ এনে নেতাকর্মীরা পার্টি অফিস ধুয়ে দিচ্ছেন এবং একাধিক ছাত্রদল-যুবদল নেতা প্রতিবাদী বক্তব্য দিচ্ছেন।
স্থানীয় বিএনপি ও ছাত্রদলের দাবি, ৫ আগস্ট ছিল গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসেবে একটি বিজয় মিছিলের আয়োজন করা হয়। কিন্তু বিএনপিরই একটি অংশ—যারা ইশরাক সিদ্দিকীর অনুসারী বলে পরিচিত—তারা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু কর্মীকে সঙ্গে নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করে। এতে শুধু ঐতিহাসিক দিবসের মর্যাদা ক্ষুণ্ন হয়নি, কলঙ্কিত হয়েছে পুরো দলীয় কার্যালয়ও।
তৌহিদুল ইসলাম তুহিন বলেন, "আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের লোকজন পার্টি অফিসে প্রবেশ করে আমাদের পার্টির আদর্শ ও আত্মত্যাগের ইতিহাসকে অপমান করেছে। তাই আমরা প্রতীকীভাবে এক মণ দুধ দিয়ে পার্টি অফিস ধুয়ে ফেলেছি, যেন এই কলঙ্ক মুছে যায়। এ কর্মসূচির মাধ্যমে আমরা হুঁশিয়ারি দিচ্ছি—ভবিষ্যতে যেন ফ্যাসিবাদের দোসররা আর বিএনপির দরজায় না দাঁড়ায়।"
ঘটনার পরপরই বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেকেই বিষয়টিকে অভিনব প্রতিবাদ হিসেবে দেখলেও, অন্য একাংশ একে অতিরঞ্জিত ও বিভাজনমূলক রাজনীতির প্রকাশ হিসেবে দেখছেন।