সারাদেশ
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: স্বামী-স্ত্রীসহ চারজন গ্রেপ্তার
গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (৮ আগস্ট) রাতে গাজীপুর নগরীর সদর থানার সালনা এলাকা ও রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উত্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা হলেন—গাজীপুরের ভবানীপুর এলাকার ফয়সাল ওরফে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপী, উত্তরা তুরাগ এলাকা থেকে আল আমিন এবং সদর উপজেলার হোতাপাড়া এলাকা থেকে স্বাধীন।
তিনি বলেন, ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। ফুটেজে চাপাতি, দা ও ছুরি হাতে হামলায় অংশ নিতে দেখা যাদের, তাদের মধ্যেই রয়েছেন গ্রেপ্তারকৃত তিনজন। এর মধ্যে গোলাপী সেই নারী, যাকে কেন্দ্র করে হামলার সূত্রপাত হয়। চাপাতি হাতে দৌঁড়াতে দেখা যায় ফয়সাল ওরফে কেটু মিজানকে, আর সাদা শার্ট ও জিন্স পরা স্বাধীনকেও দেখা যায় অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকতে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তার কাছে চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী চক্রের সদস্যরা এক ব্যক্তিকে দেশি অস্ত্র নিয়ে ধাওয়া করছিল। ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। বিষয়টি টের পেয়ে হামলাকারীরা তাকে ধাওয়া করে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে।