সারাদেশ
কিশোরগঞ্জ
গায়ে কাদা লাগায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীর মারামারি
কিশোরগঞ্জে চলন্ত মোটরসাইকেলের চাকা থেকে কাদা ছিটকে এক যুবকের গায়ে লাগার ঘটনার এক দিন পর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলার করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের গৌরারগোপ গ্রামে এ ঘটনা ঘটে।
এসময় দুপক্ষ বল্লম, রামদাসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ৩২ জন আহত হয়েছেন। তাদের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, রোববার বিকেলে বাড়ি থেকে উপজেলার গাবতলী বাজারের দিকে যাচ্ছিলেন তাজুল ইসলাম নামে এক যুবক। এসময় বিপরীত দিক থেকে মোটরসাইকেল করে আসছিলেন পাশের গ্রামের মাসুদ মিয়া। মাসুদের বাইকে থেকে তাজুলের গায়ে কাদা ছিটকে পড়লে দুই জনের তর্ক হয়। পরে মাসুদ তাজুলকে মারধর করেন। এতে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় দেশীয় নানা অস্ত্র নিয়ে হামলা-পাল্টা হামলা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তবে লিখিত কোনো অভিযোগ পাইনি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।