সারাদেশ

সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলো গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৬:৫৬ পিএম

সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলো গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ
সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলো গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ। ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে দুই দিনের অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অভিযানের প্রথম দিনেই সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের মালিকানাধীন একটি অবৈধ বাংলো (বাগানবাড়ি) গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকাল থেকে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের কাউটাইল এলাকায় এ অভিযান চালানো হয়। উচ্ছেদকৃত স্থাপনার মধ্যে ছিল তিনটি দোতলা ভবন, একটি ডকইয়ার্ডের ২০০ ফুট দীর্ঘ সীমানাপ্রাচীরসহ প্রায় দেড় একর জমি।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ঢাকার চারপাশের নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দিতে সরকার ইতোমধ্যে সীমানা নির্ধারণ করে প্রায় ৮০ কিলোমিটার এলাকায় পিলার স্থাপন করেছে। ২০০৯ সাল থেকে শুরু হওয়া উচ্ছেদ কার্যক্রম বিগত বছর কিছুটা থমকে গেলেও, এবার তা পূর্ণমাত্রায় শুরু হয়েছে।

তিনি বলেন, “নদী দখল করে গড়ে তোলা কোনো স্থাপনাই ছাড় পাবে না। দখলদার যত বড় প্রভাবশালীই হোক, আইন সবার জন্য সমান।”

অভিযানে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন, বিআইডব্লিউটিএর বিভিন্ন নদীবন্দরের উপপরিচালকগণসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

বিআইডব্লিউটিএ জানায়, আগামীকাল (বৃহস্পতিবার) কাউটাইল ও দোলেশ্বর এলাকায় বাকি অবৈধ স্থাপনাগুলোও উচ্ছেদ করা হবে।