সারাদেশ
গ্যাস লিকেজ থেকে ভয়াবহ আগুন, একই পরিবারের ১০ জন দগ্ধ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ১০ জন গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হিরাজিল এলাকার একটি টিনসেড বাড়িতে এ ঘটনা ঘটে। বর্তমানে দগ্ধ সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন— তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫), সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫), হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২), সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪) , ইমাম উদ্দিন (১ মাস) ও আসমা ও সালমার মা তাহেরা খাতুন (৬০)
আসমা ও সালমা দুই বোন, তাদের পরিবার ও মা মিলে একই বাড়িতে থাকতেন।
দগ্ধ হাসানের ছোট ভাই রাকিবুল ইসলাম জানান, টিনসেড বাড়িটি ভাড়া নিয়ে তারা বসবাস করছিলেন। বাড়ির পাশ দিয়ে যাওয়া গ্যাস পাইপলাইন থেকে লিকেজ হয়ে গ্যাস ঘরে ছড়িয়ে পড়ে। রাতে হঠাৎ সেই গ্যাসে আগুন লেগে পুরো ঘর দাউদাউ করে জ্বলে ওঠে। মুহূর্তেই ঘুমন্ত সবাই আগুনে দগ্ধ হন।
পরে প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে এসে তাদের উদ্ধার করে ভোররাতেই ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠান।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, “একই পরিবারের ১০ জন দগ্ধ অবস্থায় আনা হয়েছে। সবার শরীরে গুরুতর দগ্ধের চিহ্ন রয়েছে। তাদের কার কত শতাংশ দগ্ধ হয়েছে তা পর্যবেক্ষণ চলছে। তবে বর্তমানে সবার অবস্থাই আশঙ্কাজনক।”