সারাদেশ
সিরাজগঞ্জে এনআইডি করতে এসে ধরা পড়লেন রোহিঙ্গা দম্পতি
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ভুয়া কাগজপত্র দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে এসে এক রোহিঙ্গা দম্পতি ধরা পড়েছেন। রোববার (২৪ আগস্ট) উপজেলা নির্বাচন কার্যালয়ে সন্দেহভাজন হিসেবে আটক করা হলে, জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা পরিচয় স্বীকার করেন।
পরে সোমবার দুপুরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ।
আটক দুজন হলেন- রোকেয়া বেগম (৩২) ও মো. আনিছ (৩৮)। তারা কক্সবাজারের উখিয়ার টেকনাফ এলাকার টেংখালী রোহিঙ্গা ক্যাম্প-১২ জি-৪-এর বাসিন্দা।
কামারখন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা জানান, “রোববার সকাল ১১টার দিকে ওই দম্পতি আমাদের কার্যালয়ে এসে ভোটার হওয়ার আবেদন করেন। কিন্তু তাদের ভাষা ও কাগজপত্র যাচাই-বাছাই করতে গিয়ে অসঙ্গতি ধরা পড়ে। তাদের কথাবার্তাও ছিল সন্দেহজনক।”
তিনি আরও বলেন, “বিষয়টি সঙ্গে সঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। পরে তাদের আটক করে ইউএনও কার্যালয়ে পাঠানো হয়।”
কামারখন্দ ইউএনও অনামিকা নজরুল জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা রোহিঙ্গা পরিচয় স্বীকার করেছেন। এরপর নিয়মিত আইনি প্রক্রিয়ায় তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
ওসি আব্দুল লতিফ বলেন, এ ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন। দম্পতিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।