সারাদেশ
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
গাজীপুরে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
সোমবার সকালে নগরের বাসন কলম্বিয়া এলাকায় এই অবরোধের কারণে মহাসড়কটির দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ এসে শ্রমিকদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আলিফ ক্যাজুয়াল লিমিটেডের শ্রমিকরা আজ সকাল ৮টার দিকে সড়ক অবরোধ করেন। কারখানাটি বাসন কলম্বিয়া এলাকায় অবস্থিত এবং এতে প্রায় ৮০০ শ্রমিক কর্মরত। জানা গেছে, শ্রমিকদের জুলাই ও আগস্ট মাসের বেতন এখনও বকেয়া আছে। কয়েকদিন ধরে বেতন দাবির পরও কর্তৃপক্ষ তা পরিশোধ না করায় শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভে নামেন। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নেন। থানা ও শিল্প পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে লাঠিপেটার মাধ্যমে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয় এবং সকাল সাড়ে ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছেন, সেপ্টেম্বর মাস চলে আসলেও নানা অজুহাতে বেতন পরিশোধ করা হচ্ছে না। এতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে বাসাভাড়া দেওয়ার জন্য অনেকেই বাড়িওয়ালার চাপের মুখে পড়েছেন।
গাজীপুর শিল্প পুলিশের বাসন জোনের পরিদর্শক ফারুকুল আলম বলেন, “মালিকপক্ষ বেতন পরিশোধ না করে ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর এবং ৬ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত কারখানাটি সাধারণ ছুটির কারণে বন্ধ রাখে। এতে শ্রমিকদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের আন্দোলনের কারণে মহাসড়ক কিছু সময় বন্ধ ছিল, তবে সকাল সাড়ে ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।”