সারাদেশ
পিআর পদ্ধতি বলে তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: টুকু
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন- তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। জনগণের কাছে গেলে তারা তাদের যে আদর্শ জনগণ কখনই গ্রহণ করবে না। সেই জন্য তারা ভিন্নপথে ষড়যন্ত্র করতে চায়। কাজেই যারা পিআর পদ্ধতি কথা বলে, তারা নির্বাচনের বিপক্ষে অবস্থান বলে আমি মনে করি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা শাখা বিএনপি’র ১২টি ইউনিয়নের তৃণমূলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন- বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি প্রত্যাখান করেছেন। মানুষ কিন্তু পিআর পদ্ধতি বুঝে না। মানুষ পূর্বে যেভাবে ভোট দিয়েছে এবং যে পদ্ধতিতে মানুষ অভ্যস্ত, সেই প্রদ্ধতিতে ভোট দেবে মানুষ। পিআর পদ্ধতি বলে তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে।
বিএনপির এই নেতা আরও বলেন— বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। নির্বাচনে প্রত্যেক জায়গায় বিএনপি বিজয় অর্জন করতে সক্ষম হবে। সরকার ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জনগণ আশা করে সরকার একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। আমরা আস্থা রাখতে চাই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে।
এ সময় টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখ।